নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২২ ১৪:১১

দক্ষিণ সুরমায় গা‌ছের ডাল কাট‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃ‌ষ্টে যুব‌কের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গোটাটিকর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শিবলু আহমদ (২৫)। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিবলু আহমদ সিলেটে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন। বেলা ১১টার দিকে গোটাটিকর এলাকায় বিদ্যুতের লাইনের উপর থাকা গাছের ডাল কাটতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওসি আরও বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ, বিদ্যুৎ বিভাগের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিবলুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য শিবলুর দেহ ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত