০৮ মার্চ, ২০২৩ ২২:৩৫
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার একটি প্রতিবন্ধী-প্রধান এলাকা আমতৈল। সেখানে বংশ পরম্পরায় প্রতিবন্ধী শিশুরাই জন্ম নেয়। বিশেষায়িত ওই গ্রামটি প্রধানমন্ত্রীর নজরে রয়েছে এবং তার নির্দেশে আমতৈলকে নিয়ে গবেষণাও চলছে। প্রতিবন্ধীসহ ওই গ্রামের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা কাজ করছি।
মঙ্গলবার শবে বরাত উপলক্ষে উপজেলার ৯টি প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, সিলেট বিভাগের ৪১টি উপজেলায় প্রায় ২১হাজার ভূমিহীন আমরা চিহ্নিত করেছি। এরমধ্যে প্রায় ১৫ হাজার ৫০০ পরিবারকে আমরা ভূমিসহ ঘর হস্তান্তর করেছি। চলতি মাসের ২১ তারিখের মধ্যে আরও ৩ হাজার ঘর আমরা হস্তান্তর করবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্বনাথের আমতৈল এলাকার যে নয়টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি। নিজের নামে জমিসহ ঘর পেয়ে তারা অনেক খুশি হয়েছেন। তারা সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে প্রাণভরে দোয়াও করছেন।
জানা গেছে, আশ্রয়ণ প্রকল্প চতুর্থ পর্যায়ের আওতায় বিশ্বনাথ উপজেলার ৯টি প্রতিবন্ধী ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ভূমিসহ ঘর তৈরি করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার রামপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রামপাশা মৌজার পাঠাকইন গ্রামে ২০ শতক ব্যক্তি মালিকানা জমি ক্রয় করে এই ঘরগুলো তৈরি করে দেওয়া হয়। এতে ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৫৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপহারের ঘরগুলো পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন ও সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এসময় তারা ৯টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। পাশাপাশি প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার টাকা, ৩টি করে ফলজ (লেবু, আম ও মাল্টা) গাছের চারা, সবজির বীজ ও শীতের কম্বল প্রদান করেন। এরপর সেখানে খোলা জায়গায় আনুষ্ঠানিকভাবে আম ও লেবুর চারা রোপণ করেন তারা।
পরিদর্শনকালে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, পল্লিবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য