১৩ এপ্রিল, ২০২৩ ০১:৫৯
ফাইল ছবি
১৪২৯ বঙ্গাব্দকে বিদায় জানাতে এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্যপরিষদ সিলেট।
আজ বৃহস্পতিবার (৩০ চৈত্র) সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হবে অনুষ্ঠান। এতে কবিতা, গান ও সংগীতে বিদায় জানানো হবে ১৪২৯ বঙ্গাব্দ, একই সঙ্গে স্বাগত জানানো হবে ১৪৩০ বঙ্গাব্দকে।
১৪২৯ বঙ্গাব্দের বিদায়ের ক্ষণে সিলেট নগরের সুরমা নদীর তীরের চাঁদনী ঘাটে শিল্পীরা সমস্বরে গেয়ে ওঠবেন- 'রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে'। কেউবা আবার কবিতা ধরবেন- 'নিশি অবসান, ওই পুরাতন বর্ষ হয় গত'; হবে নৃত্যও।
বর্ষবিদায়ের আয়োজন শেষে আলোক প্রজ্বলন করে আলো আর মঙ্গলের প্রত্যাশায় স্বাগত জানানো হবে নতুন বছরকে।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বলেন, পহেলা বৈশাখের মতো চৈত্র সংক্রান্তির আয়োজনও আমাদের ঐতিহ্যের অংশ। বাঙালির ঘরে ঘরে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণের আয়োজন করা হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায়ই আমরা বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আসছে বছর যেন সকলের জন্য কল্যাণ বয়ে আনে এই প্রত্যাশায় আলোক প্রজ্বলনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হবে।
আপনার মন্তব্য