জৈন্তাপুর প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:০২

টিলা কাটার সময় হাতেনাতে ধরা, ৪ জনকে কারা ও অর্থদন্ড

সিলেটের জৈন্তাপুরে টিলা কাটার দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে পরিবেশ অধিদদপ্তর। রোববার ভোরে উপজেলার হরিপুর ৭ নম্বর নামক স্থানে টিলা কাটার সময় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।

এসময় টিলা কাটায় জড়িত থাকার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে নজমুল আলম (৩৫) কে ৬ মাসের কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড,  হালিম উদ্দিন (২২) কে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, আব্দুল মতিন (৬৫)কে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং মকবুল হুসেন (৫৪), ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এরা প্রত্যেকেই হরিপুর এলাকার বাসিন্দা।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 এমরান হোসেন জানান, জৈন্তাপুর এলাকায় রাতের আঁধারে একটি গোষ্ঠি টিলা কাটছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে টিলা কাটার সময় হাতেনাতে আটক করে চারজনকে দন্ড প্রদান করা হয়। এছাড়া  টিলার মাটি পরিবহণকাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. বদরুল হুদা, সিলেট জেলা নমুনা সংগ্রহকারী হরিপদ চন্দ্র দাশ, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মো. রুবেল মিয়া উপস্থিত ছিলেন।  
 
টিলা কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এমরান আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত