০৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:২৩
সিলেট নগরীর পূর্ব মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হওয়া ৯ জনকে ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৭ জন কর্মচারী ও ২ জন পথচারী দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলে।
পরে আজ বুধবার দুপুরে বিস্ফোরণে অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে বুধবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানিয়েছিলেন, অগ্নিদগ্ধদের শরীর ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। ৪৮ ঘণ্টা পর বুঝা যাবে কাদের অবস্থা গুরুতর। তবে আমরা সবাইকে সিরিয়াস হিসেবে দেখছি। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়েছে। দগ্ধদের চিকিৎসাসেবা গুরুত্ব দিয়ে করা হচ্ছে।
আহতরা হলেন, শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন, মুহিন, শহরতলীর কোরবান টিলার রুমেল, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া, একই গ্রামের লুৎফুর রহমান।
এদের মধ্যে ৭ জনই ফিলিং স্টেশনের কর্মচারী। বাকি ২ জন পথচারী বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।
তিনি জানান, সিএনজি ফিলিং স্টেশনে কমপ্রেসর কক্ষের একটি বাল্ব বিস্ফোরণের পর ৯ জন দগ্ধ হন। বিস্ফোরণের পর পাম্পের সামনের মিরাবাজার-টিলাগড় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
আপনার মন্তব্য