ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:২৩

সিলেট-৩ আসনে আ.লীগের মনোনয়ন চান ডা. দুলাল

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের কার্যালয়ে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনের ঘোষণা দিয়ে ডা. দুলাল বলেন, সিলেট-৩ আসনের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে আমার মেলবন্ধন রয়েছে। তাঁদের যেকোনো দুর্যোগ-দুঃসময়ে পাশে থেকেছি। সিলেট ও দেশের বিভিন্ন এলাকার অসহায় রোগীদের আর্থিক সহযোগিতাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেছি। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় আমার ব্যক্তিগত অর্থায়নে আমি বিনামূল্যে সেবা ও ঔষধ প্রদান ক্যাম্পেইন করেছি।

ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল আরও বলেন, সিলেট-৩ আসনের গত উপ-নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল আমাকে মনোনয়ন না দিলেও দলীয় মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছি। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী বীর প্রতীকের সহোদর হিসেবে এ কথা নিশ্চিত করে বলতে পারি, সংসদ সদস্য নির্বাচিত হলে একজন আইন প্রণেতা হিসেবে যা কিছুই আপনাদের স্বার্থসংশ্লিষ্ট তাতেই সর্বদা একনিষ্ঠ হয়ে আপনাদের স্বার্থ হাসিলে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, জুলহাস আহমদ ও সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।

মতবিনিময় শেষে বিনামূল্যে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যদের বিনামূল্যে হেপাটাইটিস-বি পরীক্ষা করেন ডা. দুলাল।

আপনার মন্তব্য

আলোচিত