জগন্নাথপুর প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২৩ ২১:৫৮

বাসের ছাদে করে যাত্রা, গাছের ডালের আঘাতে মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসের ছাদে বসে চলাচলকালে গাছের ডালের আঘাতে  মামুন মিয়া (২৫) নামের এক যাত্রী মারা গেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

সোমবার বিকেল ৫টার দিকে জগন্নাথপুর-সিলেট সড়কের বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে।

মামুন মিয়া দোয়ারাবাজার উপজেলার বালিউড়া গ্রামের আরশ আলীর ছেলে। তিনি পেশায় ফেরিওয়ালা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাসের ছাদে করে জগন্নাথপুরের ভবের বাজারে আসার পথে বড়কাপন এলাকায় গাছের ডালের আঘাতে মামুন মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা হয়। পরে মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মিজানুর রহমান বলেন, মামুন মিয়া পেশায় একজন ফেরিওয়ালা। তিনি ভবের বাজারে ভাড়া বাসায় থাকতেন এবং গ্রামে গ্রামে গিয়ে সন পাপড়ি বিক্রি করতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মির্জা রুবেল আহমদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

জগন্নাথপুর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন, বাসের চালক ও সহকারীরা তাকে ছাদে উঠতে নিষেধ করেছিলেন। এরপরও তিনি সনপাপড়ির বক্স নিয়ে ছাদে উঠে বসে। মাথায় গাছের ঢালের আঘাত পেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত