বিশ্বনাথ প্রতিনিধি

০৭ মার্চ, ২০২৪ ০১:২৯

সিলেটে বার্ন ইউনিট চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সিলেটসহ দেশের আরও ৪টি বিভাগে বার্ন ইউনিট চালু করতে যাচ্ছে। খুব শীঘ্রই সিলেট, রাজশাহী, রংপুর, ফরিদপুর ও বরিশাল বিভাগে বার্ন ইউনিটের কাজ শুরু করা হবে।

বুধবার দুপুর ২টায় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থা পৌঁছাতে পারি তাহলে দেশের মেডিকেল কলেজগুলোতে রোগীদের ভিড় হবে না। তাই উপজেলা পর্যায়ের ওই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে গুরুত্ব দিতে হবে। কারণ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা দেশের যেকোনো মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কেবল চিকিৎসা সেবা দেওয়া হয় না, সেখানে শিক্ষাও দেওয়া হয়। তাই সেই পরিবেশ আমাদের তৈরি করে দিতে হবে।

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে মন্ত্রী বলেন, আমি সিলেটের জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। জৈন্তায় চিকিৎসা ব্যবস্থা ভালো নেই। ডাক্তার, নার্সদের উপস্থিতি নেই, জনবল সংকটও রয়েছে। একজন পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাইনি। যে কারণে ওই কর্মকর্তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করেছি। এছাড়া কড়া নির্দেশও দিয়েছি যে, জৈন্তায় যেন স্বাস্থ্য সেবার মান আরও বাড়ানো হয়। তবে, বিশ্বনাথ এসে দেখলাম জৈন্তার চেয়ে এটি ভালো একটি হাসপাতাল। তাই সিলেটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানো প্রয়োজন।

এদিকে বিকেল আড়াইটায় দিঘলী উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এসময় তিনি বলেন, যদিও আমার জন্ম অন্য জায়গায় কিন্তু তারপরও সিলেটের বিশ্বনাথে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ বিশ্বনাথের টুকেরকান্দিতে আমার পৈতৃক বাড়ি আর লামাকাজির দিঘলীতে আমার নানার বাড়ি।

উপজেলা ও দিঘলী উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত