১০ মার্চ, ২০২৪ ১৯:০৪
সাম্প্রতিক সময়ে সিলেট-তামাবিল মহাসড়কে ভারতীয় চোরাই চিনি বহনকারী বেপরোয়া কাভার্ড ভ্যান দুর্ঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা, সৈয়দ শিহাব ও সৈয়দ পাবেল নামে ৩ জন তরুণ নিহত হন। এর আগে গত ১৯ জানুয়ারি জুবায়ের সুমন, তমাল, নেহালসহ আরও ৪ জন ছাত্রলীগ কর্মী মারা যান। এছাড়া গত ৫ মার্চ দরবস্তে সড়ক দুর্ঘটনায় স্থানীয় ৫ জন লোক মৃত্যুবরণ করেন, জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ১ জন।
এরবাইরে সিলেট-তামাবিল মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় আরও অনেকেই নিহত হয়েছেন। এসকল নিহতদের স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনা করে এবং সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের উদ্যোগে আসামপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে কোরআন খতম ও বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রোববার (১০ মার্চ) বাদ জোহর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আসামপাড়া ট্রাক চালক সমিতি, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মালিক সমিতি, ফেলুডার মালিক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতিসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এই দোয়া মাহফিল আয়োজন করেন।
দোয়া মাহফিলে সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাক চালক শ্রমিকদের মধ্যে দক্ষতা বৃদ্ধি ও জনগণের মাঝে জনসচেতনতার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়। সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রবীণ মুরব্বী সৈয়দ আব্দুন নুর মেম্বার, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য