১০ মার্চ, ২০২৪ ১৯:২৮
মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ, ধর্ষক কালাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলার ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী এবং ভোগতেরা-কালীনগর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়।
আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,সাবেক ইউপি সদস্য জাকির আহমদ কালা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম শামীম, আনজুমানে আল ইসলাহ উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন, কালীনগর বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুন নূর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সালমান কবির, সায়েক আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, কালা ইতিপূর্বে স্কুল-মাদরাসার ছাত্র-ছাত্রীসহ ৮/১০টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে। এলাকার হিন্দু-মুসলিম নিরীহ প্রকৃতির মানুষের ঘরে অসৎ উদ্দেশ্যে আক্রমণ করে। তার উৎপাতে এলাকার মানুষ আতঙ্কিত। ভয়ে অনেক মহিলা ঘর থেকে বের হন না। অনেকে সারাদিন ঘরের দরজা বন্ধ করে রাখেন। অনেক শিশু তার ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। সে এলাকায় চুরির সাথেও জড়িত। তার উপর বেশ কয়েকটি মামলা রয়েছে। স্থানীয়রা তাকে ধরে পুলিশে দিলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আবারও অপকর্মে লিপ্ত হয়।
মানববন্ধন শেষে ধর্ষক কালার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
আপনার মন্তব্য