ছাতক প্রতিনিধি

০২ জুন, ২০২৪ ১৭:৫৭

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ছাতকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সুনামগঞ্জের ছাতকে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় (সিলেট অঞ্চল) ও মদন মোহন বিদ্যাপীঠের উদ্যোগে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩১মে) বিকেলে ছাতক সদর ইউনিয়নের তিররাই গ্রামের মদন মোহন বিদ্যাপীঠে এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠিত হয়।

মদন মোহন বিদ্যাপীঠের শিক্ষক বিকাশ রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও প্রনব রঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট অঞ্চল) শ্রী চন্দর শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, ভারতীয় সহকারি হাইকমিশন সিলেট অঞ্চলের সচিব মানস কুমার মুস্তাফি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামীলীগের সদস্য ও প্রয়াস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর প্রদ্যুত কুমার তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, "ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে। মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সরকারের অবদান কখনো ভুলার নয়। ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে সব সময় পাশে চায় বাংলাদেশ।"

মুখ্য অতিথির বক্তব্যে শ্রী চন্দর শেখর বলেন, ভৌগলিক সীমারেখায় পৃথক ভু-খন্ড হলেও  ভাষা,সংস্কৃতিসহ বিভিন্ন দিকে ভারত ও বাংলাদেশের অনেক মিল রয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন কঠিন সময়ের মতো সবসময় বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত ভারত।

এসময় আরও বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: সফর আলী, বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম মোস্তফা, তিররাই আখড়া পরিচালনা কমিটির সভাপতি যোগেশ চন্দ্র দাস, সদস্য কেশব রঞ্জন দাসসহ আরও অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত