হামিদুর রহমান, মাধবপুর

০৪ জুন, ২০২৪ ০১:০৫

মাধবপুরে জয়–পরাজয়ের ফ্যাক্টর হবে চা-শ্রমিকদের ভোট

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর জয়-পরাজয়ের ফ্যাক্টর হবে চা শ্রমিক ভোটাররা। কারণ এই উপজেলায় রয়েছে ৫টি চা বাগান। ২ লাখ ৭৩ হাজার ১৯২ ভোটারের মাঝে পুরুষ ভোটার হচ্ছেন ১ লাখ ৩৯ হাজার ৩৩৪ জন ও নারী ভোটার হচ্ছেন ১ লাখ ৩৩ হাজার ৮৫৭ জন। এর মধ্যে ৫টি চা বাগানের ভোট রয়েছে ১৬ হাজার ৮৩ ভোট। এই ভোটে সবার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে।

মাধবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন- মাধবপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম ও উপজেলা আওয়ামী লীগের নেতা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের সমর্থনে প্রার্থী সৈয়দ হাবিব উল্লাহ সূচন। এর মধ্যে সৈয়দ মো. শাহজাহান ঘোড়া, জাকির হোসেন চৌধুরী আনারস এবং হাবিব উল্লাহ সূচন শালিক পাখি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উপজেলার বিপুল একটি অংশ ভোটারের অবস্থান চা বাগানে। ফলে এ উপজেলায় প্রার্থীদের প্রচারের মূল কেন্দ্র ছিল চা-বাগানগুলো। চা বাগানগুলোতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পদচারণা, পোস্টার আর মাইকিংয়ের অন্য রকম পরিবেশ বিরাজ করেছে। উৎসবভাব বিরাজ করেছে। চা বাগানের রাস্তাগুলোর দুই পাশে গাছের সারি। এসব গাছে লাগানো হয়েছে দড়ি। সেই দড়িতে ঝুলছে পোস্টার। প্রচার প্রচারনার শেষ মুর্হুতে বাগানের অলিতেগলিতে ঘুরে তারা চা শ্রমিকদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ও মাধবপুর পৌর বিএনপি সভাপতি (বহিষ্কৃত) আব্দুল আজিজ (চশমা), মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাধবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলী (বই), জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য সৈয়দ সামসুল আরেফিন রাজীব (তালা), আসাদুজ্জামান গেন্দু (টিয়াপাখি), মুফতি সুলাইমান গাজী (টিউবওয়েল), চা শ্রমিক নেতা বাবু দিরা নায়েক ধীরু (মাইক)।

নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শেলী (ফুটবল), বিএনপি মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সেলিনা আক্তার (কলস), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা রিনা (পদ্মফুল ), আসমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন)।

স্থানীয়রা ভোটারদের ধারণা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া ও আনারস প্রতীকের মধ্যে লড়াই হবে। তবে চা বাগান এলাকায় যে প্রার্থী বেশি ভোট নিজের পক্ষে আনতে পারবেন শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হবেন। আগামীকাল ৫ জুন মাধবপুর উপজেলায় ভোট গ্রহণ হবে।

প্রসঙ্গত, গত ২০১৪ সালের উপজেলা নির্বাচনে সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৭২ হাজার ৯২৫ ভোট, জাকির হোসেন চৌধুরী অসীম ৩৬ হাজার ৪১৪ ভোট। সৈয়দ হাবিবউল্লাহ সুচন ৪ হাজার ৩৯ ভোট। ২০১৯ সালে সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৫৬ হাজার ৭৫০ ভোট, এহতেশামুল বার চৌধুরী লিপু ২৬ হাজার ৮৬৯ ভোট, আতিকুর রহমান আতিক ২৩ হাজার ৪৯১ ভোট পান।

আপনার মন্তব্য

আলোচিত