সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:০১

অটোরিকশা চালক আবদুল জব্বার হত্যা : এখনো অধরা আসামীরা

সিলেট শহরতলীর সর্দারেরগাঁওয়ে সন্ত্রাসীদের হাতে খুন হওয়া সিএনজি অটোরিকশা চালক আবদুল জব্বার হত্যা মামলার প্রধান আসামীরা এখনো ধরা ছোয়ার বাইরে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে থানা-পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে।

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সর্দারেরগাঁও গ্রামের মো. তজম্মুল আলীর পুত্র আবদুল জব্বার গত ১৪ জানুয়ারি রাতে পাওনা টাকা চাওয়াতে প্রতিপক্ষের হাতে খুন হন। পরে ১৬ জানুয়ারি এসএমপি’র জালালাবাদ থানায় নিহতের ভাই মো. জয়নাল আবেদীন একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র লাল মিয়া ও রুপ মিয়া, মো. শরীফ মিয়ার পুত্র আবদুল কুদ্দুছ ও কাঁচা মিয়া, মৃত ইসরাইল আলীর পুত্র আমির আলী ও সিরাজ মিয়াসহ ১২ জনকে আসামী করা হয়।

এছাড়া ঘটনার দিন রাতে এজহারভূক্ত আসামী শাহাব উদ্দিন, মো. জামাল, সাইদুল ইসলাম ও কুতুব আলীকে আটক করে পুলিশ। তারা এজহারের ৭, ৮, ৯ ও ১০ নং আসামী।

মামলার বাদি মো. জয়নাল আবেদীন বলেন, ঘটনার দিন সন্ত্রাসীরা নিহতের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এসময় পরিবারের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। এতে আবদুল জব্বার নিহত হন ও তার দুই ভাই গুরুত্বর আহত হন। এর মধ্যে এখলাছুর রহমান এখনো বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

জয়নাল বলেন, হত্যা মামলার প্রধান আসামীদের বিভিন্ন জায়গায় উপস্থিতি সম্পর্কে পুলিশকে অবগত করা হয়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই আসামীরা পালিয়ে যায়। তিনি আসামীদের ধরতে আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতা কামনা করেন।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, ঘটনার দিনই ৪ জন আসামীকে আটক করে পুলিশ। এরপর থেকে অন্য আসামীরা পলাতক রয়েছে। তবে পুলিশ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া বাদি পক্ষের অভিযোগ তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

আপনার মন্তব্য

আলোচিত