কুলাউড়া প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:৪৮

কুলাউড়া আ’লীগ সম্পাদকের ওপর হামলার দায়ে যুগ্ম সম্পাদক সফি বহিষ্কার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণুর ওপর হামলার দায়ে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমানকে দল থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি শনিবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্যটি জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতিতে বলা হয়,  গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগের ইউনিয়ন কমিটির সম্মেলন চলছিল। সেখানে সফি আহমদ সলমান ও তাঁর সমর্থকেরা প্রাণনাশের উদ্দেশে রফিকুল ইসলাম রেণুর ওপর অতর্কিত হামলা চালান। এতে রফিকুল ইসলাম রেণু গুরুতর আহত হন। দলের শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে সফি আহমদ সলমানকে দলের সব স্তরের পদ থেকে অব্যাহতি প্রদান এবং অস্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলে সংবাদবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে এ কে এম সফি আহমদ সলমান তাঁর বিরুদ্ধে অভিযোগ নাকচ করে বলেন, “এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। জেলা কমিটির কোন সভা না ডেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনগড়া বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এই এখতিয়ার তাঁদের নেই। এটি দলের গঠনতন্ত্রবিরোধী।”
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ৭ ফেব্রুয়ারি রোববার দুপুরে মোবাইলে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী সফি আহমদ সলমানকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগের ইউনিয়ন কমিটির সম্মেলনে প্রতিপক্ষের হামলায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু সহ ৪জন আহত হন। এর প্রতিবাদে গতকাল শনিবার হামলাকারিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত