১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৩০
গত ৪ দিনেও নিখোজ ৪ শিশুর সন্ধান পাওয়া যায়নি। শিশুদের মা বাবারা উম্মুখ হয়ে আছেন তাদের সন্তানদের সন্ধানের খবর পাওয়ার। গত ৪ দিন ধরে ওই শিশুদের সন্ধান না পেয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন দিনমজুর পরিবারের সদস্যরা। পাড়া প্রতিবেশী আর স্বজনরা হন্যে হন্যে খুজে বেড়াচ্ছেন। পুলিশও হঠাৎ নিখোজ হয়ে যাওয়া শিশুদের সন্ধানে নেমেছে। কিন্তু কোন হদিস পাচ্ছে না। এদিকে ছেলেধরা আতংকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষার্থী উপস্থিতি হ্রাস পেয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার নিখোঁজদের সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেছেন।
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে ২য় শ্রেনির ছাত্র জাকারিয়া শুভ,আব্দুল আজিজের ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র মোঃ তাজেল মিয়া,আবদাল মিয়ার ছেলে ১ম শ্রেণির ছাত্র মনির মিয়া ও আব্দুল কাদিরের ছেলে মাদ্রাসার আউয়াল শ্রেণির ছাত্র ইসমাইল গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে খেলা করতে বাড়ি থেকে বের হয়।
সন্ধ্যায় বাড়ি না ফেরায় তাদের খোঁজে পরিবারের লোকজন বের হন। অনেক খোঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে পরদিন শনিবার বাহুবল থানায় জিডি করেন। কিন্তু রোববার সন্ধ্যায় পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। সন্তানদের হারিয়ে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন দিনমজুর ৪ পরিবারের লোকজন।
নিখোঁজ জাকারিয়া শুভ, তাজেল মিয়া, মনির মিয়া ও ইসমাইল সম্পর্কে চাচাতো ভাই। তাদের অভিভাবকরা জানান, অন্যান্য দিনের মতো তাদের সন্তানরা বিকেলে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় তারা বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তাদের সন্ধান পাননি।
সরজমিনে নিখোঁজ শিশুদের বাড়িতে দেখা গেছে কান্নার রোল। আদরের সন্তানদের ফিরে পাওয়ার জন্য কেউ তজবিহ হাতে নিয়ে সৃষ্টিকর্তাকে ডাকছেন। প্রতিবেশী ও স্বজনরা ভীড় করছেন তাদের বাড়িতে ।
শিশু জাকারিয়ার বাবা ওয়াহিদ মিয়া বলেন পরদিন শনিবার তারা বাহুবল থানায় জিডি করেন। পুলিশ একাধিকবার ওই গ্রামসহ আশপাশ এলাকা তল্লাসী চালিয়েছে।তারা আরো জানান যে তাদের পরিবারের সাথে কারোর শত্রুতাও নেই।
এদিকে বাহুবল থানার ওসি মোশারফ হোসেন বলেন জিডি হওয়ার পর পরই সারাদেশে বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে।এরা নিখোঁজ হওয়ার পেছনে কোন ক্লু পাওয়া যাচ্ছেনা। হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র নিখোঁজ ৪ শিশুর বাড়ি পরিদর্শন করেছেন। তদন্ত তদারকি করতে সিলেটের অতিরিক্ত ডিআইজি ড আক্কাস উদ্দিন ভুইয়াও বাহবল থানায় এসেছেন।
আপনার মন্তব্য