১৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৪:৩৫
মায়ের সাথে স্কুল ড্রেন বানাতে বের হয়েছিলো ছোট্ট শিশু সাজু (৭)। পশ্চিমভাগ উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র সে। স্কুল ড্রেস আর বানানো হলো না সাজুর। গাড়ি চাপায় সড়কেই প্রাণ গেলো এ ছোট্ট শিশুর।
বুধবার দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সাজু। সাথে থাকা তার মা রাহেলা বেগম গুরুতর আহত হন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী একঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সিলেট-ঢাকা মহাসড়কে যানজট লেগে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একঘন্টা পর অবরোধ উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সাতমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পেরোচ্ছিলেন রাহেলা বেগম ও তার ছেলে সাজু। হঠাৎ সিলেট থেকে শেরপুরমুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ১২-৫৭৭৮) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যারা যায় সাজু। সে পশ্চিমভাগ এলাকার মৃত কনাই মিয়ার ছেলে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. ওসমান।
আপনার মন্তব্য