সিলেটটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:২৯

সিলেটে হেড-নেক সার্জারি সম্মেলন শুরু

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুইদিন ব্যাপী হেড নেক সার্জারি সম্মেলন শুরু হয়েছে।

বুধবার ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

এসময় তিনি বলেন, দিন দিন হেড নেক ক্যান্সার প্রবনতা বাড়ছে। এ প্রধান কারণ হচ্ছে, পান-সিগারেট, তামাক, জর্দা ইত্যাদি সেবন। তিনি হেড নেক ক্যান্সার প্রতিরোধে প্রত্যেককে সচেতন হওয়ার আহবান জানান।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব হেড নেক সার্জানস’র উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন, ওসমানী হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডা. নন্দ কিশোর সিনহা। শিক্ষার্থী শুভ ও অবরার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিঞা, ডা. বেলায়েত হোসেন সিদ্দিক, ডা. মোহাম্মদ হোসেইন প্রমুখ।

সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে চিকিৎসকরা অংশ নিয়েছেন বলে জানান জানিয়েছেন, হাসপাতালের নাক কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরুল হুদা নাঈম। তিনি জানান, আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দুইদিন ব্যাপী এই সম্মেলন শেষ হবে।

আপনার মন্তব্য

আলোচিত