০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৩
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংসদে প্রস্তাবটি গৃহীত হওয়ার পর কমিটি গঠন করা হয় এবং এতে নাসের রহমানকে সভাপতি করা হয়।
সংসদে প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মো. নুরুল ইসলাম (১১০ বরগুনা-২), বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে ওই বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, গঠন, কাজ ও দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হোক।’
ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান ছাড়াও কমিটির সদস্যরা হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।
আপনার মন্তব্য