বড়লেখা প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:২৩

বড়লেখায় ‘সমর্থকদের চাপে’ বিদ্রোহী প্রার্থী হচ্ছেন আ’লীগের সুনাম উদ্দিন!

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সুনাম উদ্দিন সুনাই বন্ধু দলীয় মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের দেড় সহস্রাধিক সমর্থক মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান সুনাম উদ্দিনের নিজ বাড়িতে এক মতবিনিময় সভায় তাকে নির্বাচন করতে চাপ প্রয়োগ করেন।

এদিকে বড়লেখায় আ’লীগের বর্তমান কয়েকজন চেয়ারম্যান ও ত্যাগী নেতারা তৃণমূলের ভোটে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। এ তালিকায় তালিমপুর ইউনিয়ন ছাড়াও দক্ষিণভাগ (উ:), দক্ষিণ শাহবাজপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাম শোনা যাচ্ছে।

সোমবার রাতে সাবেক ইউপি সদস্য মোস্তাফা উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা হানিফ পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আ’লীগের তৃণমূলের ভোটে মনোনয়ন বঞ্চিত ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই বন্ধু বলেন, তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরমান আলীর অসুস্থতার সুযোগে বর্তমান সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি দাস ইউনিয়ন কমিটি রদবদল করে ২৮ জন আত্মীয় স্বজনকে অর্ন্তভুক্তের মাধ্যমে পারিবারিক কমিটিতে পরিনত করে কাউন্সিলে ভোট নিজের পক্ষে সমর্থন আদায় করেন। যার ফলে সুক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে বর্ধিত সভায় পরাজিত করা হয়। যদিও নির্বাচন হওয়ার কথা ছিল না। জেলা কমিটির মাধ্যমে প্রার্থীদের নাম যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর কথা ছিল। কিন্তু তা করা হয়নি। বড়লেখা ব্যতিত জেলার অন্য কোথায়ও এভাবে ভোট হয়নি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বড়ময়দান গ্রামের শ্রমিক নেতা ফয়জুর রহমান, বাহারপুরের ছয়দুল ইসলাম, কাঞ্চনপুরের আছার উদ্দিন, গোপালপুরের আনফর আলী, কলারতলী পারের আব্দুল জলিল, ময়নুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফয়জুল মিয়া, হাজী ইয়াছিন, হাজী আব্দুস শহিদ, ধর্মদেহীর ইমাম উদ্দিন, তালিমপুরের হাজী আব্দুর রহমান, আব্দুস সালাম, মানিক মিয়া, হাজী কুতুব আলী, ঠাকুর মনি বিশ্বাস, বিশু বিশ্বাস, ছাদিক আহমদ, মুছলিম উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত