সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০১৬ ২৩:২০

‘পাঞ্চজন্য’ পদক প্রদান ও দোল উৎসব উদযাপন

সনাতন ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উপলক্ষে সনাতনী সামাজিক সংগঠন পাঞ্চজন্যের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) 'পাঞ্চজন্য পদক' প্রদান ও দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় এই অনুষ্ঠানটির দুইটি পর্বের প্রথমে ছিল দোল উৎসব ও সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সরস্বতী পূজার শোভাযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট সমাজ গবেষক ড.তুলসী কুমার দাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্চজন্যের অন্যতম উপদেষ্টা তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে। এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, ডা.কল্লোল বিজয় কর, সংগীত শিল্পী রানা কুমার সিনহা ও লাভলী দেব, সুকান্ত গুপ্ত, বিমান তালুকদার ও সমুদ্র দে। ধন্যবাদ জ্ঞাপন করেন পাঞ্চজন্যের সাধারণ সম্পাদক শ্রী রাজিত দত্ত। আলোচনা সভায় বক্তারা সনাতন ধর্মের দর্শন, উদারতা, পরধর্মে শ্রদ্ধা, সংস্কৃতি, ঐতিহ্য ও বর্তমান যুব সমাজের করণীয় নানাদিক নিয়ে সারগর্ভ আলোচনা করেন।

বক্তারা বলেন মানবিকতাই ধর্মের মূল বাণী। সব ধরণের কূপমণ্ডূকতা, গোঁড়ামি পরিহার করে বেদ-উপনিষদের উদার মানবিক চেতনায় জীবে প্রেম দান করে ধর্মচর্চা করতে হবে। পাঞ্চজন্য একটি আলোকিত সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে চলেছে। সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সরস্বতী পূজার প্রতিমা শোভাযাত্রায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল পূজারী সংগঠনের প্রতি পাঞ্চজন্যের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। প্রতিবছর উক্ত প্রতিমা শোভাযাত্রায় অংশগ্রহণকারী পূজারী সংগঠনগুলোর মধ্যে পাঞ্চজন্য পদক প্রদান করা হয়।

এবারের প্রতিমা শোভাযাত্রায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে পাঞ্চজন্য পদক লাভ করে যথাক্রমে নবপ্রজন্ম সংঘ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঐতিহ্য। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সংগীতানুষ্ঠান। এতে নৃত্য পরিবেশন করেন কৃপা দাশ। সংগীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা,  লাভলী দেব, অনিমেষ বিজয় চৌধুরী, সোনিয়া রায়। সব শেষে ছিল চা-শ্রমিক শিল্পীদের পরিবেশনায় ফাগুয়ার ঝুমুর নৃত্য। মাদলের তালে তালে উপস্থিত দর্শক, শিল্পীবৃন্দ এবং চা শ্রমিকদের সমবেত নৃত্যগীত এবং নানা বর্ণের রঙের ছটায় অনুষ্ঠানস্থলে এক অভূতপুর্ব আনন্দময় দৃশ্যের অবতারণা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংস্কৃতিকর্মী নৈঋতা পাল ও পদ্মশ্রী দে।

আপনার মন্তব্য

আলোচিত