১৭ জুলাই, ২০১৭ ০১:১৬
আওয়ামী লীগ কখনই ত্রাণ নিয়ে রাজনীতি করে না মন্তব্য করে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘একটি দলের নেতারা ফটোসেশন করে সাংবাদিকদের ডেকে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা বলে অথচ তারা ক্ষতিগ্রস্তদের কাছে যায় না। দরজা বন্ধ করে বড় বড় কথা বলে কিন্তু মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে তাদের কিছু যায় আসে না।’
হুইপ রবিবার (১৬ জুলাই) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে জিআর প্রকল্পের আওত্তায় বন্যাদুর্গত সহস্রাধিক ও সুজানগর ইউনিয়নে ভিজিএফের আওত্তায় ৩২০ পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হুইপ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘কিছু বসন্তের কোকিল আছে। যারা ২০ থেকে ৫০ প্যাকেট ত্রাণ নিয়ে আসবে ফটোসেশন করতে। এইসব বসন্তের কোকিলদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’
হুইপ আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কথা বলে তাদের পাশে থাকে। সহায়তা করে। সরকার সবসময় দুর্গত মানুষের পাশে ছিল। আগামীতেও পাশে থাকবে।’
দুপুরে তালিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, পিআইও সহকারি মো. রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা ফয়ছল আহমদ, ইউপি সদস্য তাজুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য