সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০২৬ ০২:৫৪

ঋণের চাপে সরকারি বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী

ঠিকমতো পরিকল্পনা না করলে ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে যে, সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও একদিন কঠিন হয়ে যেতে পারে, যদি ঠিকমতো পরিকল্পনা না করি।’

সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মন্ত্রী বলেছেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ডাম্প ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী।

গাড়ি চালানোর প্রসঙ্গ টেনে ইকবাল হাসান মাহমুদ টুকু বললেন, ‘অনেকে চায়ের দোকানে এটা নিয়ে সমালোচনা করবে, সেটা আমি জানি। কিন্তু আমি মানুষকে দেখানোর জন্য ট্রাকে উঠিনি।’

মন্ত্রী বললেন, ‘আজ থেকে ত্রিশ-চল্লিশ বছর আগে দেখেছি। ঘুম থেকে উঠে দেখেছি, এরকম একটা গাড়ি রাস্তা পরিষ্কার করছে। রাস্তা চকচক করছে। সেই উচ্ছ্বাসে আমি ট্রাকে উঠেছি।’

আপনার মন্তব্য

আলোচিত