১৮ জুলাই, ২০১৭ ১৫:৪৩
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতির ছেলের বিরুদ্ধে কাজ না করিয়ে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জন এলাকাবাসী।
সোমবার (১৭ জুলাই) টিএনও বরাবরে লিখিত অভিযোগে তাঁরা বলেন ,জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক হইতে পাইপ দাইড় শচিন্দ্র জাঙ্গাল মেরামত করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (পত্র নং-১১.০১ .০০০০ .০১১. ১৬.০৭২.১৬.৬৩১ তারিখ-১৪-১১-২০১৬-১৭ অর্থ বছর) গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) নির্বাচনী প্রথম পর্যায় কর্মসূচীর আওতায় নগদ বরাদ্দ হয় ২ লক্ষ টাকা (যার স্মারক নং-৫১.০১. ৯০০০.০০০.৪১.০০৯.১৬-৯৮/১(৫))। এই কাজটি পান উপজেলা আওয়ামী লীগ সভাপতির ছেলে দেলোয়ার হোসেন। প্রকল্প কমিটির সভাপতিসহ সকল সদস্য করা হয় তারই সকল আত্মীয় স্বজনকে। সকলের যোগসাজশে কোন প্রকার কাজ না করিয়ে পুরো টাকাই তারা আত্মসাৎ করে ফেলেন।
লিখিত অভিযোগ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, প্রাক্তন ইউপি সদস্য আব্দুর শহীদ, ছবর আলীসহ ১৮ জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে এ বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।
আপনার মন্তব্য