দক্ষিণ সুরমা প্রতিনিধি

১১ অক্টোবর, ২০১৭ ১৯:২৯

নগরীর শিববাড়ীতে তেলবাহী ট্যাংক চাপায় নিহত ১

নগরীর শিববাড়ীতে তেলবাহী ট্যাংক চাপায় এক রিকশাচালক নিহত ও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) বিকাল ৫টার দিকে দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ীস্থ বন্দরঘাট জামে মসজিদের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষনিকভাবে নিহত রিকশা চালক ও যাত্রীর নাম জানা সম্ভব হয়নি। তবে গুরুতর আহত অবস্থায় যাত্রীকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী একটি গাড়ী (চট্ট মেট্রো ঢ-৪১-০২০৮) ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটে অভিমুখে আসছিল। সে সময় সামনে থাকা রিকশাটিকে পিছন দিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয় ও রিকসায় থাকা এক যাত্রী গুরুতর আহত হয়। আহত যাত্রীকে স্থানীয় জনতার সহায়তায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

এদিকে গাড়ীর চালক ও হেলপারকে পালানোর সময় আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী। এ মুহূর্তে ঘটনাস্থলে মোগলাবাজার থানা পুলিশ অবস্থান করছে।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার উল হোসেন সিলেটটুডেটোয়েন্টিফোরডটকমকে জানান, খবর পেয়ে মোগলাবাজার
থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংক জব্দ এবং চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, রিকশা চলকের লাশ এখন সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। পরিচয় নিশ্চিত না হতে পারায় আরো ২ দিন লাশটিকে মর্গে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত