নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০১৭ ১৪:২১

কালীপূজা-দীপাবলিতে আতশবাজি ও পটকা না ফুটানোর অনুরোধ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে আসন্ন শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলিতে আতশবাজি ও পটকা না ফুটানোর জন্য অনুরোধ জানিয়েছেন সকল পূজা কমিটি ও সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি।

বিবৃতিতে তারা বলেন, ইতোপূর্বে জেলা ও পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আতশবাজি ও পটকা বিক্রি ও সরবরাহ এবং এর ব্যবহার বন্ধে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

তারা আরো বলেন, আতশবাজি ও পটকা ফুটানোর ফলে ধর্মীয় ভাবগাম্ভির্যতা নষ্ট হয় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ শিক্ষার্থী ও অসুস্থ মানুষের মারাত্মক অসুবিধার কারণ হয়।

নেতৃবৃন্দ সকলের প্রতি ধর্মীয় ভাবগাম্ভির্যতা বজায় রেখে দীপাবলির আলো মঙ্গল আলোকে ছড়িয়ে দিয়ে দিবসগুলো উদযাপনের অনুরোধ জানান।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

আপনার মন্তব্য

আলোচিত