গোয়াইনঘাট প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০১৭ ১৬:৫৮

বেকারত্ব দূর করতে সরকার বিনিয়োগ সহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে: এমপি ইমরান

জাতীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি বলেছেন, জৈন্তাপুর উপজেলার বেকার যুবকদের নতুন কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠান শেলটেক টেকনোলজি লি. একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শেলটেক শিল্প প্রতিষ্ঠান একটি অঞ্চলকে উন্নয়নের ক্ষেত্রে আলোকিত করতে পারে। পিছিয়ে পড়া জৈন্তাপুর উপজেলাকে আরো উন্নত ও সমৃদ্ধশালী হিসাবে এগিয়ে নিতে তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

শনিবার (১৪ অক্টোবর) দরবস্ত ইউনিয়নে স্থাপিত শিল্প প্রতিষ্ঠান শেলটেক টেকনোলজি লি. এর উৎপাদন কারখানার দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার দেশের বেকারত্ব দুর করতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দেশের শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে বিনিয়োগ সহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে। জৈন্তাপুর উপজেলায় আরো নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে তিনি শেলটেক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

তিনি শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। কোম্পানির আইন কানুন ও নিয়ম মেনে চলতে তিনি শ্রমিকদের প্রতি অনুরোধ করেন। শ্রমিকদের মজুরী সহ যে কোন সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি করতে তিনি সবার প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও শেলটেক টেকনোলজি  লি. এর চেয়ারম্যান প্রকৌশলী কুতুব উদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. তৌফিক এম সিরাজ, কোম্পানির প্রধান কর্মকর্তা প্রকৌশলী শেখ নুরুল আফসার, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। এতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান চৌধুরী জামাল আশরাফ।

কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী কুতুব উদ্দিন আহমদ বলেন, বিগত ৩০ বছর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শেলটেক কোম্পানি লি. নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আমাদের বহু প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করছেন। আমরা সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছি। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে সবার নিয়ম মেনে চলার অনুরোধ করেন।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. তৌফিক এম সিরাজ বলেন, সরকারের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের মর্যাদা ও মজুরী প্রদান করা হচ্ছে। কোম্পানি থেকে শ্রমিকরা সব রকম সুযোগ সুবিধা ভোগ করছেন। তিনি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. বদরুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির কর্মকর্তা  মানিক। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়ছর আহমদ ও ইউপি সদস্য জালাল উদ্দিন।

এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মাঈনুল জাকির, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আনোয়ার শাহাদাত, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত