বড়লেখা প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০১৭ ১৮:০১

বড়লেখায় একই রশিতে ঝুলে কিশোরী ও তরুণের আত্মহত্যা

মৌলভীবাজারের বড়লেখায় একই রশিতে ঝুলে এক কিশোরী ও এক তরুণ আত্মহত্যা করেছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার পাল্লাতল চা-বাগানের ১০ নম্বর সেকশনের টিলার কাছে একটি গাছের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এরা হচ্ছে পাল্লাতল চা-বাগানের সুদাম ধার্মী দাসের মেয়ে হৈমন্তী ধার্মী দাস (১৭) ও একই বাগানের মিন্টু কেলীর ছেলে আকাশ কেলী (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ দুজন নিখোঁজ হন। রাতে তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রোববার (১৫ অক্টোবর) ভোরের দিকে শ্রমিকরা ঘুম থেকে ওঠে দুজনের লাশ একটি গাছে ঝুলতে দেখেন। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দুপুর ১টার দিকে লাশ দুটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ দুটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুজনের মধ্যে হয়তো প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সেটা মেনে না নেওয়ায় দুজন আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার বলেন, ‘শনিবার রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এরা এই ঘটনাটি ঘটিয়েছে। সকাল ১০টার দিকে পুলিশ খবর পায়। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেছে। ধারণা কারা হচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। এজন্য দুজন একসাথে এ কাজ করেছে।’

আপনার মন্তব্য

আলোচিত