১৮ অক্টোবর, ২০১৭ ১৭:৪১
সিলেটে শনিবার থেকে শুরু হচ্ছে অনাবাসী বাঙালি ব্যবসায়ীদের নিয়ে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন। এতে ১৯টি দেশে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা অংশ নেবেন। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে সপ্তাহব্যাপী এই কনভেনশনের আয়োজন করেছে।
সিলেট নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শনিবার বিকেলে এই কনভেনশনের উদ্বোধন হবে। বিকেল ৪টায় সপ্তাহব্যাপী এ কনভেনশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এদিন সকাল ১০ টায় সিলেট চেম্বার থেকে একটি র্যালি বের হবে।
আয়োজকরা জানান, এনআরবিদের নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এই কনভেনশনে বিশ্বের প্রায় ১৯টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করবেন। যার মধ্যে বৃটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, নেদারল্যান্ড্স, পর্তুগাল, সুইডেন, কানাডা, ফ্রান্স, স্পেন, ইটালি, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, সৌদী আরব, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ডেনমার্ক, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশ রয়েছে।
৭ দিনব্যাপী অনুষ্ঠানমালায় বিনোয়োগ সংক্রান্ত সেমিনার, আইসিটি, পর্যটন ও শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা, বাংলাদেশের অর্থনীতিতে এনআরবিদের অবদান বিষয়ক আলোচনা সভা, এনআরবিদের সাফল্যগাঁথা নতুন প্রজন্মের কাছে প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় সিলেট চেম্বার ভবনের হলরুমে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময়কালে এসব তথ্য জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট এনাম আলী এমবিই, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার শিপার আহমদসহ দুই চেম্বার নেতারা।
মতবিনিময়কালে জানানো হয়েছে, প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করা, মাধ্যমে রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।। ২১ থেকে শুরু হয়ে এটি চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। এতে বিশ্বের ১৯টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশ নিবেন। পাশাপাশি দেশী বিনিয়োগকারীরাও যোগ দিবেন।
ইতোমধ্যে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন-২০১৭ এর লগো উন্মোচন করা হয়েছে। কনভেনশন উপলক্ষ্যে একটি অফিসিয়াল ওয়েবসাইটও খোলা হয়েছে।
আয়োজকরা জানান, এনআরবি গ্লোবাল কনভেনশনকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। নগরী ও শহরতলির বিভিন্ন স্থানে ও বিমানবন্দরে বিলবোর্ড, ফেস্টুন লাগানো হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তোরণ নির্মাণের কাজও চলমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েল্স-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর এ হোসেন, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক ও এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন আয়োজক কমিটির আহবায়ক নুরুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য