০৩ নভেম্বর, ২০১৭ ০১:২৯
সিলেট জেলা স্টেডিয়ামের সামনে চারটি বুথে বিক্রি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর টিকিট। বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, পাঁচটি বুথে টিকিট বিক্রি হচ্ছে। ক্রীড়া ভবনের বাম দিকের জানালায় বিশেষ ব্যবস্থায় আরেকটি বুথ খোলা হয়েছে। হঠাৎ আরেকটি বুথ বেড়ে যাওয়ার কারণ কী?
বাড়তি ওই বুথের সামনে লাইনে দাঁড়ানো কয়েকজন জানান, এটি ছাত্রলীগের বুথ। এখানে কেবল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে টিকিট বিক্রি হচ্ছে।
এসময় বুথের ভেতরে থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যকে টিকিট বিক্রি করতে দেখা যায়। বিজিত চৌধুরীর সাথে ক্রীড়া সংস্থার আরেক কর্মকর্তাকেও বিশেষ ওই বুথে টিকিট বিক্রি করতে দেখা যায়।
এব্যাপারে কথা বলতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিত চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সিলেটে জেলা স্টেডিয়ামের সামনে ৩১ অক্টোবর থেকে ৪টি বুথে বিপিএলের টিকিট বিক্রি হচ্ছে। প্রতিদিনই আগের রাত থেকে এসব বুথের সামনে লাইন ধরছেন টিকিট প্রত্যাশীরা। তবু পরদিন টিকিট না পেয়ে ফিরতে হচ্ছে তাদের অনেককে। এনিয়ে হাঙ্গামাও হচ্ছে প্রতিদিন।
এ অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য আলাদা বুথ করে টিকিট বিক্রিতে ক্ষোভ প্রকাশ করেন অন্য বুথগুলোর লাইনে দাঁড়ানো সাধারণ টিকিট প্রত্যাশীরা।
আপনার মন্তব্য