নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০১৭ ২৩:০৭

বড়দিন উদযাপনে সিলেটের গির্জাগুলোতে ব্যাপক আয়োজন

সোমবার (২৫ ডিসেম্বর) শুভ বড়দিন। যিশু খৃষ্টের জন্মদিন। খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এই উৎসব উদযাপনে সিলেটের গির্জাগুলোতে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। আলোকসজ্জ্বায় সজ্জ্বিত করা হয়েছে গির্জা। রোববার রাত ১২টায় কেক কাটার মাধ্যমে গির্জাগুলোতে শুরু হবে বড়দিনের উৎসব।

নগরীর নয়াসড়ক গির্জায় গিয়ে দেখা যায়, বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সাজানো হয়েছে গির্জা। তাছাড়া গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। গির্জাজুড়ে করা হয়েছে আলোকসজ্জ্বা।

এদিকে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন উদযাপনের লক্ষে সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চে ২৫ ডিসেম্বর বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ভোরে ক্যারলস গানের (ধর্মীয় সংগীত) মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল সাড়ে ৮টায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

সকাল ১০টায় কেক কাটা হবে। এতে সিলেটের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। তাছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। রাতে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হবে। এতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

এসব তথ্য জানিয়ে চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা জানান, বড়দিন হলো বড় হওয়ার দিন। বড়দিন উৎসবের জন্য আধ্যাত্মিক প্রস্তুতি, অন্তরের প্রস্তুতি এবং বাহ্যিক অনেক প্রস্তুত্তি নেয়া হয়েছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠবে সার্বজনীন এমনটি আশা করেন তিনি।

অন্যদিকে, বড়দিন উদযাপনের লক্ষে চার্চগুলোতে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সবাই আনন্দঘন পরিবেশেই উৎসব উদযাপন করতে পারবেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।

আপনার মন্তব্য

আলোচিত