ছাতক প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৮ ২০:২৩

ছাতকে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলায় দোকান কর্মচারী আহত

ছাতক শহরের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় বলে দোকান মালিকের দাবি। এসময় ডাকাতদের হামলায় দোকান কর্মচারী হৃদয় রায় (১৮)আহত হয়।

বুধবার (১০জানুয়ারি) গভীর রাতে শহরের মধ্য বাজারের মেসার্স নরেশ চন্দ্র দে’র পসারী দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল দোকানের ২য় তলার জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে  নীচতলায় নেমে ঘুমন্ত কর্মচারীকে মারধর  করে হাত-পা বেঁধে দোকানে থাকা মূল্যমান মালামাল, দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ টাকা ও টাকাসহ একটি লোহার সিন্দুক নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে  নিয়ে যায় বলে দোকান মালিক নিশিকান্ত দে দাবি করছেন।

এদিকে সকালে খবর পেয়ে ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ও এসআই পিংকু দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দুপুরে সুরমা নদীর উত্তর পার বেদেপল্লী সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লোহার সিন্দুক ও কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে ওসি (তদন্ত) আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনায় দোকান কর্মচারী হৃদয় রায় ও বিপ্টু রায়কে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত