বড়লেখা প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০১৮ ১৯:৩৭

মেয়েদের শিক্ষা না দিয়ে কম বয়সে বিয়ে দিবেন না : গওহর রিজভী

বড়লেখায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘মেয়েদের শিক্ষা না দিয়ে কম বয়সে বিয়ে দিবেন না। মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুলে পড়াবেন। কলেজে পড়াবেন। আমাদের দেশে ডাইভারসিটি একটা বড় শক্তি। এটা আমাদের বাংলাদেশকে সৌন্দর্য দিয়েছে। কাজেই ডাইভারসিটিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সবাই এ দেশের। আমরা সবাই বাংলাদেশে একসাথে এগিয়ে যাব। আর বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব।’

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পুঞ্জি পরিদর্শন কালে খাসিয়া সম্প্রদায়ের জীবনমান পর্যালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বেরেঙ্গা পুঞ্জিতে সমাজকল্যাণ সংস্থা অভিযান এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বেরেঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং পুঞ্জিতে বৃক্ষরোপণ করেন।

পর্যালোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঞ্জিপ্রধান কোয়ান সিং। অভিযানের নির্বাহী পরিচালক বনানী বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহেল মাহমুদ, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, গওহর রিজভীর স্ত্রী এনেযে, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, অভিযানের প্রকল্প পরিচালক আক্তাবুল আলম, অভিযানের প্রজেক্ট কো-অডিনেটর তামলীমন বাড়ে, কর্মকর্তা বেলসমী বাড়ে।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উত্তর শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেব দুলাল ধর, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, পাল্লাতল চা-বাগানের ব্যবস্থাপক তছলিম হোসেন, ইউপি সদস্য সেলিম আহমদ খান প্রমুখ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার পুঞ্জি পরিদর্শনের সময় পুঞ্জিবাসীর পক্ষ থেকে ভূমির অধিকার, বেরেঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ, লেবু ও সুপারি বাগানের জন্য আর্থিক অনুদান প্রদান, পুঞ্জিতে আসাযাওয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল শিক্ষার্থীদের আসাযাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থাসহ ৭ দফা দাবি জানানো হয়েছে। উপদেষ্টা পুঞ্জিবাসীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত