০৩ এপ্রিল, ২০১৮ ২৩:১০
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি-অটোরিকশায় সরকারি মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থীদের আয়োজনে মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন পালিত হয়।
প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর দেবাংশু দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, এসএমসি সদস্য হামিদুল হক চৌধুরী বাবর, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ব্যবসায়ী ইব্রাহীম আহমদ সুমন, যুবলীগ নেতা বদরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাহাত চৌধুরী, জনি চৌধুরী, কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদের লুৎফুর রহমান জাকারিয়া, শামসুল ইসলাম, আনিসুল ইসলাম চৌধুরী শাকের, মাহফুজ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে মামলার মূল আসামী সিএনজি চালক আব্দুল মতলিবকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় কমলগঞ্জের মুন্সীবাজার জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পথে পরানধর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কলেজ ছাত্রী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীর কাকা শিবুল শীল বাদী হয়ে শুক্রবার দু’জন কে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আপনার মন্তব্য