০৬ এপ্রিল, ২০১৮ ০৪:১৪
সিলেটের গোলাপগঞ্জে বোরো আবাদের ধানে ছত্রাকজনিত ব্লাস্ট রোগের সংক্রামণে কয়েকশ বিঘা জমিতে ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে বলে অনেক কৃষক জানিয়েছেন। ক্ষেতের ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষক বিপাকে পড়েছেন। অনেক কৃষক ঋণ নিয়ে বর্গা নিয়ে ধানের চাষ করেছেন। ফলন না হলে ঋণ পরিশোধের বিষয়টিও ভাবাচ্ছে তাদের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ৭ হাজার ২৫ হেক্টর বোরো ধানের চাষ হয়েছে। ব্লাস্ট রোগের সংক্রমণে উপজেলায় ধান উৎপাদনে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি অফিস মাত্র ৫ হেক্টর বোরো ধানের জমিতে ব্লাস্ট রোগের সংক্রমণ হয়েছে দাবি করলেও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে আলাপ করলে এর চেয়ে অনেক বেশি ধানে এ রোগের সংক্রমণের হয়েছে বলে জানা যায়।
জানা যায়, উপজেলার শরিফগঞ্জ, বুধবারীবাজার, ঢাকাদক্ষিণ, বাদেপাশা, লক্ষণাবন্দ, লক্ষিপাশা, ভাদেশ্বর ফুলবাড়ি, বাঘা ও পৌর সভার কিছু কিছু এলাকার ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। ধান পাকার আগেই এ রোগ দেখা দেয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
সরেজমিন উপজেলার পৌরসভার দাড়িপাতন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, এই এলাকার কয়েক হেক্টর বোরো ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এসব ধানের শীষগুলো মরে সাদা হয়ে গেছে।
দাড়িপাতন এলাকার কৃষক বিলাল আহমদ জানান, আমি অন্যের প্রায় ৫ একর জমি বর্গা নিয়ে ধার কর্জ করে বোরো ধান আবাদ করেছিলাম। কিন্তু ধানগুলো রোগে আক্রান্ত হওয়ার অনেক টাকার ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি।
এ এলাকার আরেক কৃষক আব্দুর রশীদ জানান, অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেছিলাম। কিন্তু ধানগুলো এখন আক্রান্ত হয়ে পড়েছে। আমি খুব অভাবী মানুষ, ধান নষ্ট হয়ে গেলে না খেয়ে থাকতে হবে।
ঢাকাদক্ষিণ ইউনিয়নের শামীম আহমদ বলেন, ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। বিষয়টি আমি কৃষি অফিসকে অবগত করলে তারা আমার জমি পরিদর্শন করেছে।
শরিফগঞ্জ ইউনিয়নের হাকালুকি হাওরের কৃষক আব্দুল ওয়াহিদ জানান, হাকালুকি হাওরের বেশ কিছু জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। আমার আবাদকৃত বোরো ধানের ১০ কিয়ার জমির মধ্যে প্রায় ৪ কিয়ার জমির ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।
ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জের জিল্লুর রহমান নামের একজন কৃষক জানান, আমাদের এলাকার বেশ কিছু বোরো ধানের জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমীন জানান, উপজেলার ভাদেশ্বর, মীরগঞ্জ, ফুলবাড়ি বাঘা সহ বিভিন্ন এলাকায় ব্লাস্ট রোগের খবর শুনে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শনে পাঠানো হয়েছে। অনেক স্থানে আমি নিজেও গিয়েছি। এ রোগ থেকে ধানকে রক্ষা করতে কৃষকদের আগেও বিভিন্ন সমাবেশ করে পরামর্শ দেওয়া হয়েছে। এখনো আমরা তাদের পরামর্শ দিচ্ছি।
আপনার মন্তব্য