০৩ জুন, ২০১৮ ১৭:৩২
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে পুলিশি অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ জুন) সন্ধ্যায় ১০ লিটার চোলাই মদসহ মিন্টু রবিদাস (৪৫) নামে একজন ভাদাইর দেউল গ্রাম থেকে ও রাত সাড়ে ৮টায় কুলাউড়া উপজেলার শরীফপুর থেকে মো. আব্দুল্লা (২৮) কে ৭০ পিস ইয়াবাসহ শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা গ্রেপ্তার করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ রায় চৌধুরী, এসআই আবু সায়েম মো. আব্দুর রহমান ও এএসআই আয়াছ মাহমুদের নেতৃত্বে পুলিশি অভিযানে ভাদাইর দেউল গ্রাম থেকে ১০ লিটার চোলাই মদসহ মিন্টু রবিদাসকে গ্রেপ্তার করা হয়। তিনি শমশেরনগর চা বাগানের লছমি রবিদাসের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টায় কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর থেকে মো. আব্দুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মো. আব্দুল্লা শরিফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক মিন্টু রবিদাস নিজ ঘরে দীর্ঘদিন চোলাই মদ তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিল। আর মো. আব্দুল্লাহসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ভারতীয় মদ, হিরোইন ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ রায় চৌধুরী মাদকসহ দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হলে দুইজনকেই গ্রেপ্তার দেখিয়ে রোববার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য