নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০১৮ ২৩:৪৯

জাহেদুল হক মিলুর মৃত্যুরে শোকসভা অনুষ্ঠিত

বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কমরেড এডভোকেট জাহেদুল হক মিলুর মৃত্যুতে সিলেটে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নিজ কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুন) বিকেল চার টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় বক্তারা বলেন, কমরেড এডভোকেট জাহেদুল হক মিলুর মৃত্যুতে দেশের বাম আন্দোলনে এক অপূরণীয় শুন্যতা ও ক্ষতি হয়ে গেছে।

শোকসভার আগে দলের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাহেদুল হক মিলুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে রেড স্যালুট দেওয়া হয়।

শোকসভায় সভাপতির বক্তব্যে কমরেড আবু জাফর বলেন, পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কমরেড এডভোকেট জাহেদুল হক মিলু ছিলেন আজীবন সংগ্রামী বিপ্লবী। তিনি জীবনভর শ্রমজীবী ও কৃষকের অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, জাহেদুল হক মিলুর মৃত্যুতে দেশের বাম আন্দোলনে এক অপূরণীয় শুন্যতা ও ক্ষতি হয়েছে।

আলোচকরা বলেন, জাহেদুল হক মিলুর অসময়োচিত দুঃখজনক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি মানবমুক্তির মহান আদর্শনিষ্ঠায় আজীবন সংগ্রামে ব্রতী ছিলেন।

তারা আরও বলেন, শোককে শক্তিতে পরিণত করে তাঁর দেখানো সংগ্রাম এগিয়ে নিতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সাধ্যে আমরা সবাই মিলে তাঁর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারি।

শোকসভায় বাসদ শ্রমিক ফ্রন্টের সিলেট জেলা সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় আলোচনা করেন- বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহবায়ক নাজিকুল ইসলাম রানা, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ফ্রন্ট জেলা শাখার নেতা মামুন ব্যাপারী, মাহবুব হোসেন, ছাত্র ফ্রন্টের মহানগর নেতা বদরুল আমিন, সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত প্রমুখ।

উল্লেখ্য, জাহেদুল হক মিলু গত ১৩ মে ২০১৮ ভোরে উলিপুর থেকে কুড়িগ্রাম আসার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে লাইফ সাপোর্টে ১৩ জুন দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত