১৬ জুন, ২০১৮ ১৩:২৯
আগামী সিটি নির্বাচনে যেন কোনো ধরনের কোন ইঞ্জিনিয়ারিং না হয় এমন প্রত্যাশাই করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি মনে করেন, এই পবিত্র মাটিতে কেউ যদি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেন বা অপকর্ম করতে চান তাদের ওপর আল্লাহর গজব আসে। এই অলি আল্লাহর মাটিতে কোনো অন্যায় সহ্য হবে না।
শনিবার (১৬ জুন) সিলেটের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সিলেটবাসীর উদ্দেশ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটে অতীতে যে সম্প্রীতি ছিল এবারও তা বজায় থাকবে এবং সেই সম্প্রীতির মাধ্যমেই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।
নগরপিতা তার প্রতিক্রিয়ায় বলেন, এবারের ঈদ যেন দেশে শান্তি বয়ে আনে, সেই সঙ্গে মানুষে মানুষে প্রতিহিংসা দূর হবে।
এর আগে সিসিক মেয়র শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও মোনাজাতে অংশ নেন।
এসময় সিলেট শাহী ঈদগাহ ময়দানে তার সাথে একই কাতারে নামাজ পড়েন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আপনার মন্তব্য