২১ জুন, ২০১৮ ২২:২৫
কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মেয়রপদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া।
বৃহস্পতিবার (২১ জুন) বিকাল সাড়ে ৫ টার পর বিএনপির চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়ে রাত ৮ টার দিকে শেষ হয়। দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা তাদের সাক্ষাৎকার নেন।
একই সময় রাজশাহী, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মেয়রপদে মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সিলেটের মতো তাদের বেলায়ও সেসময় বোর্ড কোনও সিদ্ধান্ত দেয়নি।
বিএনপির মনোনয়ন বোর্ডের এ সাক্ষাৎকার কার্যক্রমে উপস্থিত ছিলন—দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সাক্ষাৎকার শেষে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন-প্রত্যাশী মহানগর বিএনপির সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আমাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। মনোনয়ন বোর্ড কোনও সিদ্ধান্ত দেয়নি।
তিনি বলেন, ‘কেন আমাকে মনোনয়ন দিলে বিএনপির লাভ, সেটি তুলে ধরেছি। আশা করছি, মনোনয়ন পাব এবং দলের জন্য জয় উপহার দিতে সক্ষম হব।’
’তিনি আরও বলেন, ‘আমরা সিলেটের সব মনোনয়ন-প্রত্যাশীরা বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে আগামী নির্বাচনে মনোনয়ন না দিতে দলের নীতি নির্ধারকদের কাছে অনুরোধ করেছি। কারণ তিনি এখন আর বিএনপির নেতা নেই। দলের কোনও কর্মসূচিতে তাকে পাওয়া যায়নি। তাই তার বাইরে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষ হয়ে নির্বাচনে কাজ করবো বলে এসেছি।’
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন-প্রত্যাশীরদের মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন সিলেটের সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন।
বরিশালের সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘দলের মনোনয়ন বোর্ড আমাদের সাক্ষাৎকার নিয়েছেন। তবে দল কাকে মনোনয়ন দেবে, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও আমাদের জানানো হয়নি।’
এসময় সাক্ষাৎকার দেন বরিশাল সিটির বর্তমান মেয়র আহসান হাবীব কামাল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চাঁন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন।
রাজশাহীর মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, ‘আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমার সিটি থেকে আর কেউ মনোনয়নও সংগ্রহ করেননি। একমাত্র আমিই মনোনয়ন সংগ্রহ করেছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি মিটিংয়ে আছি। পরে কথা বলবো।’
প্রসঙ্গত, বুধবার (২০ জুন) তারা ১০ হাজার টাকা জমা দিয়ে ১৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরপর বৃহস্পতিবার (২১ জুন) ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দেন তারা।
সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বরিশালের বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে শুধু বর্তমান মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট , বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
আপনার মন্তব্য