সুনামগঞ্জ প্রতিনিধি

২১ জুলাই, ২০১৮ ১৮:১৩

সুনামগঞ্জে কিশোর-কিশোরী সম্মেলনের বাছাই প্রতিযোগিতা

ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন প্রাঙ্গণে আসন্ন বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮ উপলক্ষে সুনামগঞ্জে বাছাই পর্বের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। 'মেধা ও মননে সুন্দর আগামী' এই স্লোগানকে সামনে রেখে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর যৌথ উদ্যোগে জাতীয় সম্মেলনকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (২১ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার নির্বাচিত ১০ জন করে মোট ৬০ জন প্রতিযোগী অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে জেলার ছাতক সরকারি বহুমুখী মডেল হাইস্কুলের ছাত্র দেবজ্যোতি ধর নন্দন ১ম, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র অপু বর্মণ ২য় এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. কামরুজ্জামান ৩য় স্থান অধিকার করে।

প্রতিযোগিতা উপলক্ষে পরীক্ষা গ্রহণ, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমবেত সকল প্রতিযোগিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান, সহকারী শিক্ষক অনুপ নারায়ন তালুকদার, আব্দুল মন্নান, জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনন্ত কুমার সিংহ, সরকারি এসসি বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুবল বিশ্বাস, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, জোনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার মো. মজিবুল হক আকন্দ, এমআইএস কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।

এর আগে সম্মেলনকে সামনে রেখে প্রত্যেক উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ, সৃজনশীল মেধা, বুদ্ধিমত্তা যাচাই ও নেতৃত্বের গুণাবলী বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণপূর্বক প্রতি উপজেলা থেকে ১০ জন মেধাবী প্রতিযোগি বাছাই করা হয়। উপজেলা পর্যায়ে উত্তীর্ণ কিশোর-কিশোরী প্রতিযোগিরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।

আপনার মন্তব্য

আলোচিত