নবীগঞ্জ প্রতিনিধি

২১ জুলাই, ২০১৮ ১৮:৫৭

সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগ-ছাত্রদলের একাত্মতা

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদসহ ৩ জনকে বখাটেদের ছুরিকাঘাতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা। এ বিক্ষোভ মিছিলে একাত্মতা পোষণ করে অংশ নেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

শনিবার (২১ জুলাই) সকালে মিছিলটি কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে নবীগঞ্জ শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এসে এক পথ সভায় মিলিত হয়।

পথসভায়  বক্তব্য রাখেন কলেজের শিক্ষক রেজাউল করিম, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ ফয়সল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি, ছাত্রদল নেতা ফোয়াদ হাসান রাজন।

সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সুলতান আহমেদ তারেক, আব্দুল আজিজ, সোহাগ আহমেদ, আসিফ আহমেদ, শাফি আহমেদ, ছাত্রী মিলি বেগম, রিয়া আক্তার প্রমুখ।

এ সময় আন্দোলনকারীরা জানান, হামলাকারীকে গ্রেপ্তার না করলে নবীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে। এ ছাড়াও নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষা ও ক্লাস বর্জন করে ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত