২১ জুলাই, ২০১৮ ২২:০৮
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কদিন ধরে নারী সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের সামছু মিয়া ও গৌছ উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে শনিবার সকালে নোয়ারাই স্ট্যান্ডে সামছু মিয়া ও গৌছ মিয়ার পুত্র লায়েক মিয়ার মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত গৌছ উদ্দিন, সামছু মিয়া ও সায়েদ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাপ্পু, লায়েক মিয়াসহ আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য