সুনামগঞ্জ প্রতিনিধি

২৪ জুলাই, ২০১৮ ২০:১১

মাদককে ‘লাল কার্ড’ দেখিয়েছে সুনামগঞ্জের হাজারো শিক্ষার্থী

সুনামগঞ্জ পৌর শহরের এইচ এম পি উচ্চবিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ হয়েছে। সমাবেশে শিক্ষার্থী এসব সামাজিক ব্যাধিকে লাল কার্ড দেখায় এবং প্রতিরোধে শপথ নেয়। একই সঙ্গে নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১টায় লাল সবুজ উন্নয়ন সংঘ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই সমাবেশ হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে একইভাবে সমাবেশ করছে সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাওসার আলম ওরফে সোহেল জানান, সারা দেশে তাদের সংগঠনের সদস্য রয়েছে। সদস্যরা সবাই শিক্ষার্থী। ওই সব সদস্যরা নিজ নিজ এলাকায় নানা সামাজিক কর্মসূচি পালন করেন। তবে তিনি টিফিনের টাকা জমা করে সেই অর্থ দিয়ে দেশের প্রতিটি জেলায় যাচ্ছেন এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সমাবেশ ও শপথ অনুষ্ঠান করছেন। মঙ্গলবার সুনামগঞ্জে তাঁর ৪৯তম জেলা সফর ছিল। তিনি গত ৮মার্চ থেকে এই সফর শুরু করেছেন। দেশের ৬৪টি জেলায় নিজের টাকায় একইভাবে সফর করবেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনচান মিঞা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব বখত, শিক্ষক আমান উল্লাহ, সংস্কৃতিকর্মী মো. রাজু আহমদ, আয়োজক সংগঠনের সুনামগঞ্জের সদস্য ফারহান চৌধুরী প্রমুখ।

শিক্ষার্থীরা কখনো মিথ্যা না বলা, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে না বলার শপথ নেয় এবং লাল কার্ড উঁচিয়ে দেখায়। একই সঙ্গে নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ নেয় তারা।

আপনার মন্তব্য

আলোচিত