২৯ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৪৮
হবিগঞ্জের বানিয়াচংয়ে অবিস্ফোরিত অবস্থায় ৮টি পেট্রোল বোমা ও লাল কশটেইপ মোড়ানো ১০টি লোহার রড উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন কমপ্লেক্সের সামনের ফুলের বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৮টি পেট্রোল বোমা ও ১০টি লোহার রড উদ্ধার করে পুলিশ।
বানিয়াচং থানার অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত ) আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার উপজেলা কৃষকদল ১নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি সভা আহবান করে। ধারণা করা হচ্ছে কৃষকদলের নেতাকর্মীরা নাশকতা করার জন্য এগুলো জড়ো করেছিল। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে ৬০/৭০ জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেছেন এসআই হাবিব। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল কাইয়ুম।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত পেট্রোল বোমাগুলো হবিগঞ্জ থেকে বোমা বিশেষজ্ঞ দল এসে নিষ্ক্রিয় করেছে। মামলায় আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
আপনার মন্তব্য