জৈন্তাপুর প্রতিনিধি

১০ অক্টোবর, ২০১৮ ১৬:০১

ক্রেতা সেজে ম্যাজিস্ট্রেটের অভিযান, অতিথি পাখিসহ আটক ২

জৈন্তাপুরে অভিনব কায়দায় অভিযান পরিচালনা করে অতিথি পাখিসহ দুজন বিক্রেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার দরবস্ত বাজারের ক্রেতা সেজে অতিথি পাখি কিনতে যান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ।

এক পর্যায় তিনি দুজন পাখি বিক্রেতার কাছ থেকে এক জোড়া পাখির দাম ৮শত টাকা নির্ধারণ করে গাড়ীর কাছে বিক্রেতাদের নিয়ে গেলে ২০টি পাখিসহ তাদের আটক করা হয়। গাড়ীতে থাকা অভিযান পরিচালনাকারী দলের পুলিশ সদস্যরা দ্রুত পাখিসহ ২ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মৃত রজব আলীর ছেলে জালাল উদ্দিন (৫৫) ও একই ইউনিয়নের তেলিজুরী গ্রামের আলী আহমদের ছেলে আলা উদ্দিন (৩৫)।

এদিকে ভ্রাম্যমাণ আদালত পাখি বিক্রেতা জালাল উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় এবং আলা উদ্দিনকে জরিমানা না করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে।
 
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করি। অতিথি পাখি নিধন বন্ধ করেতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো।

আপনার মন্তব্য

আলোচিত