১২ অক্টোবর, ২০১৮ ২২:০১
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা রচিত ‘এ ব্রোকেন ড্রিম’ গ্রন্থে মনিপুরীদেরকে পাকিস্তানপন্থী ও রাজাকার হিসেবে আখ্যায়িত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন মনিপুরী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ভানুবিল কৃষক-প্রজা আন্দোলন, ইছিম জমিদারের বিরুদ্ধে আন্দোলনসহ বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রামে মনিপুরীরা সক্রিয় অংশ নিয়েছেন। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে মনিপুরীরা বাঙালি সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রেখে লড়াই করেছে। মাতৃভূমির প্রতি ভালোবাসার অকৃত্রিম টানে মনিপুরীরা জীবন বাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছে। অনেকে স্বাধীনতার বেদিমূলে উৎসর্গ করেছেন নিজেদের জীবন। অথচ সাবেক প্রধান বিচারপতি তার বইয়ে মনিপুরী সম্পর্কে ভ্রান্ত ও মনগড়া বক্তব্য দিয়ে মনিপুরীদেরকে বৃহত্তর সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য অপচেষ্টা চালিয়েছেন।
বিবৃতিদাতারা অবিলম্বে এস কে সিনহার নীতি-বর্জিত উস্কানিমূলক মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি-গবেষক এ কে শেরাম, বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকর, বাংলাদেশ মনিপুরী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এস সজল সিনহা, সিলেট মনিপুরী কাং এসোসিয়েশনের সভাপতি ওয়াই নৃপেন্দ্র সিংহ, আম্বরখানা মনিপুরী স্যোসিয়েল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ প্রবাল সিংহ, উন্নয়নকর্মী লক্ষ্মীকান্ত সিংহ, এসোসিয়েশন অব মনিপুরী কালচার এন্ড আর্টসের (এমকা) সভাপতি দিগেন সিংহ, সাধারণ সম্পাদিকা শান্তনা লৈমা, মনিপুরী সম্প্রদায় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাইবম উত্তম সিংহ রতন, মনিপুরী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সভাপতি আসেম রনজিৎ, সহ সভাপতি পঞ্চু সিংহ, বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতির সাবেক সহসভাপতি থোকচম শ্যামল সিংহ, সাবেক সভাপতি রবিকিরণ সিংহ রাজেশ, মনিপুরী স্বর্ণশিল্পী সমিতি সভাপতি কান্ত সিংহ, মৌলভীবাজার মনিপুরী সমিতি সিলেটের সভাপতি নীলচাঁদ সিংহ, বিশগাঁও মনিপুরী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এন যোগেশ্বর অপু, সাস্ট মনিপুরী সোসাইটি।
আপনার মন্তব্য