১২ অক্টোবর, ২০১৮ ২৩:০৬
মৌলভীবাজারের কমলগঞ্জের ডবলছড়া খাসিয়া পুঞ্জির পান জুম এলাকায় গাছ চুরিতে বাধা দেওয়ায় চোরদের দায়ের কুপে আহত প্রিং খাসিয়াকে ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দেওয়ার ৮ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। গত ৪ অক্টোবর সকালে কমলগঞ্জের ডবলছড়া খাসিয়া পুঞ্জির পান জুমে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় ডবলছড়া পান জুমে গাছচোরচক্রের দায়ের কুপে প্রিং খাসিয়া (৪০) গুরুতর আহত হলে গত ৪ অক্টোবর রাতেই এ পুঞ্জির সদস্য ভিক্টর সুমের খাসিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছিলেন। মামলায় গাছচোর জয়নাল মিয়া (৪০), জমশেদ মিয়া (৩৮) ও কামরুল মিয়া (৩৫)কে আসামী করা হয়েছিল।
শুক্রবার বিকেলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি জানিয়ে ডবলছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ভি প্রধান বলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন প্রিং খাসিয়ার বাম হাতের হাড়ে বেশী আঘাত লেগেছিল। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে হবে। ২/১ দিনের মধ্যে প্রিং খাসিয়াকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেও হেডম্যান ভি প্রধান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান পুলিশ ঘটনার ৮ দিন পরও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ফরিদ মিয়া বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। এ জন্য তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও জানান।
আপনার মন্তব্য