সিলেটটুডে ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৮ ১৮:৪১

নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের মনোনয়ন না দেওয়ার দাবি মুক্তিযোদ্ধাদের

সিলেটে ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের মনোনয়ন না দেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছাড়া স্বাধীনতাবিরোধী কিংবা তাদের পরিবারের সদস্যদের কারো রাজনীতি করার অধিকার নেই বলেও জানিয়েছেন তারা।

শনিবার (১৩ অক্টোবর) নগরীর জিন্দাবাজারস্থ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরেন তারা।

মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের ডাকে সাড়া দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাগত। এ নির্বাচন হোক মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা। এ জাতীয় নির্বাচনে আমাদের প্রত্যাশা অনেক।’

সংবাদ সম্মেলনে তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ‘সরকারী বা বিরোধী দল কোথাও ’৭১ এর রাজাকার, আলবদর, আলশামস বা বর্তমান জামায়াত-শিবির পরিবারের কোন সদস্যের রাজনীতি করার অধিকার থাকতে পারে না, জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী যারা সরকারি চাকরিতে বহাল আছে তাদের তালিকা করে চাকরি থেকে বরখাস্ত এবং সরকারি চাকরিতে নতুন করে তাদের নিয়োগ বন্ধ করা, যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও জামায়াত-শিবির তথা স্বাধীনতা বিরোধীদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ বাজেয়াপ্ত করা, মুক্তিযোদ্ধাদের সম্মানক্ষুন্নকারী, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে শহীদ এবং বঙ্গবন্ধুকে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের 'হলোকাস্ট অ্যাক্ট বা জেনোসাইড ডিনায়েল ল' এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করা, একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত এবং বিচারের কার্যকর করার পাশাপাশি তাদের দোসরদেরও বিচারের আওতায় আনা।’

সংবাদ সম্মেলনে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল আপামর দেশপ্রেমিক জনসাধারণকে এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সকল অপশক্তিকে নির্মূল করার আহ্বান জানান। একই সাথে মুক্তিযোদ্ধাদের ভাতা ও বেঁচে থাকার ন্যুনতম ব্যবস্থা করা এবং মহান মুক্তিযুদ্ধের গবেষণার পথ উন্মুক্ত করে দেওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদ সম্মেলনে সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত