১৪ অক্টোবর, ২০১৮ ১৯:৩৪
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সাথে কানাইঘাট উপজেলা প্রধান শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমিতি, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) দুপুরে সিলেট সার্কিট হাউজে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সহসভাপতি, কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট ইউনিট কার্যকরী কমিটির সদস্য মোস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা মো. আজির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, মানসম্মত শিক্ষা দিতে আপনারা নিবেদিত হয়ে কাজ করবেন। সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের সাথে কাঙ্ক্ষিত কথা বলা হয়নি তবে আপনারা লিখিত আকারে যে বিষয়গুলো আমার নিকট হস্তান্তর করেছেন আমি সেগুলো পর্যালোচনা করে আপনাদের দাবি দাওয়া পূরণ করতে চেষ্টা করব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসম্পাদক মাছুম বিল্লাহ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, এডভোকেট মামুন আহমদ, কানাইঘাট উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারন সম্পাদক ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. খলিল আহমদ, রশিদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি এম নিজাম উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রাজনসহ কানাইঘাট উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ।
আপনার মন্তব্য