শ্রীমঙ্গল প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০১৮ ১৭:২৩

পরিবহন ধর্মঘটে দুর্ভোগ শ্রীমঙ্গলে

সড়ক পরিবহন আইন'১৮ সংস্কারসহ ৮দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতির প্রথম দিনে সারাদেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

ধর্মঘটে দূরপাল্লার যাত্রীসহ স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা পরেছেন চরম বিপাকে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান থাকায় সেই সব শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সেই সাথে সকাল থেকে সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি যেন ভোগান্তির মাত্রাটা আরো বাড়িয়ে দিয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং পরিবহন সংকটের কারণে মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত উপেক্ষা করেই শিক্ষার্থীরা  শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে জড়ো হন মৌলভীবাজার সরকারি কলেজে পরীক্ষায় অংশগ্রহণের জন্য। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পরিবহন শ্রমিকদের কর্মবিরতির  কারণে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পরে ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী রুপা দেব জানান, পরিবহন ধর্মঘটের কারণে আমাদের  শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকাল থেকে সব ধরনের গণ-পরিবহন চলাচল বন্ধ থাকায় আমরা শতাধিক শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে

শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় কিছু শিক্ষার্থীদের গণমাধ্যমের নিজস্ব পরিবহণে মৌলভীবাজার সরকারি কলেজে পৌঁছে দেওয়া হয়

এ ব্যাপারে জানতে চাইলে এশিয়ান টেলিভিশনের শ্রীমঙ্গল প্রতিনিধি এস কে সুমন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-কে বলেন "আমরা সকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখি শিক্ষার্থীরা পরিবহন না পেয়ে রাস্তায় দাড়িয়ে আছে ৷ তৎক্ষণাৎ আমরা নিজেদের গাড়ীতে শিক্ষার্থীদের মৌলভীবাজার কলেজে পৌঁছে দেই৷"

আপনার মন্তব্য

আলোচিত