০৭ অক্টোবর, ২০১৫ ১১:৫১
শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার স্বাক্ষীদের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। আসামীদের পক্ষের লোকজন স্বাক্ষীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজনের বাবা শেখ আজিজুর রহমান। জালালাবাদ থানা পুলিশকেও তিনি এব্যাপারে অভিযোগ জানিয়েছেন।
রাজনের বাবা শেখ আজিজুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফাের ডটকমকে জানান, মংগলবার রাত ৮টা ৪ মিনিটে মোহাম্মদ আব্দুল কালাম পাপলু নামক জনৈক ব্যক্তি ০১৮১৩১৬১৮৯০ নম্বর থেকে কল করে স্বাক্ষী জিয়াউল হককে হুমকি দেয়। এসময় তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও জানায় হুমকিদাতা।
এদিকে, ৩য় দিনের মতো আজ (বুধবার) আলোচিত এ মামলার স্বাক্ষ্য গ্রহণ হয়েছে। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আজ ৪ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করবেন।
গত রবিবার আদালতে স্বাক্ষ্য দিতে এসে ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মাসুক মিয়া আসামিদের পক্ষে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে বাদী পক্ষের আইনজীবীরা তাকে বৈরি ঘোষণা করেন।
রাজনের বাবা শেখ আজিজুর রহমান জানান, মামলাটির স্বাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার পর থেকে আসামী পক্ষের লোকজন স্বাক্ষীদের হুমকী প্রদান শুরু করে। স্বাক্ষী না দিতে কিংবা মিথ্যে স্বাক্ষী দিতে চাপ প্রয়োগ করছে তারা। কয়েকজন স্বাক্ষীর কাছ থেকে এ বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে জালালাবাদ থানায় গিয়ে পুলিশ এ অভিযোগ জানান। এ কারনে তিনি অনেকটাই আতংকগ্রস্থ। মামলার অন্য স্বাক্ষীরা স্বাক্ষ্য দিতে ভয় পাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন সিলেটটুডে টোয়েন্টিফাের ডটকমকে জানিয়েছেন, রাজনের বাবা থানায় এসে এরকম একটি অভিযোগ জানিয়েছেন।
তিনি জানান, এই হত্যা মামলার স্বাক্ষীদের পুলিশী নিরাপত্তায় আদালতে আনা-নেওয়া হচ্ছে। তারপরও কেউ হুমকি দিয়ে থাকলে খতিয়ে দেখা হবে।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে। পিটানোর দৃশ্য নিজেরাই মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ঘাতকরা। যে ভিডিও দেখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
আপনার মন্তব্য